সামাজিক যোগাযোগমাধ্যমে “আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি” বলে কান্নাকাটি করা শেরপুরের সেই ৮০ বছরের বৃদ্ধ সাজু শেখের স্ত্রী নূরজাহান বেগম আর নেই। দীর্ঘ রোগভোগের পর রোববার (১৮ অক্টোবর) দুপুরে নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ওই দিনই বিকেলে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ইলিয়াস মিয়া নূরজাহান বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ৬ বছর আগে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যায় নূরজাহান বেগমের। সেই থেকে তিনি শয্যাশায়ী ছিলেন। চরম আর্থিক অনটনের কারণে তার সঠিক চিকিৎসা করানো সম্ভব হয়নি। নিদারুণ দারিদ্র্যের মাঝেও বার্ধক্যে অসুস্থ স্ত্রীর দেখাশোনা একাই করে গেছেন সাজু শেখ।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি হৃদয়বিদারক ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে অসুস্থ স্ত্রীকে জড়িয়ে ধরে খাবারের জন্য সাজু শেখকে করুণ আকুতি জানাতে দেখা যায়। ভিডিওটি নজরে আসার পর বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রশাসন তাদের পাশে দাঁড়ায় এবং সহায়তা পাঠায়।
প্রায় ৬৫ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনে সব ধরনের প্রতিকূলতার মাঝেও তারা একসঙ্গে ছিলেন। এই দম্পতির ৩ ছেলে ও ৩ মেয়ে থাকলেও তারা প্রত্যেকেই আর্থিকভাবে অসচ্ছল। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও বাবা-মায়ের চিকিৎসা ও সম্পূর্ণ ভরণপোষণের ভার টানা সন্তানদের পক্ষে সম্ভব ছিল না। ৬ দশকেরও বেশি সময়ের জীবনসঙ্গীকে হারিয়ে এখন একাকী ও দিশেহারা হয়ে পড়েছেন বৃদ্ধ সাজু শেখ।
