ডেস্ক রিপোটারঃ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুর বিভাগের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে নীলফামারীর সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে রংপুরের উদ্দেশ্যে বাসে রওনা হওয়ার সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় বিএনপির নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। পরে বিমানবন্দর থেকে বাসযোগে রংপুরের উদ্দেশ্যে রওনা দেন তিনি।
পথে সড়কের দুই পাশে অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে বাস থেকে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। সফরসূচি অনুযায়ী, রংপুরে ধর্মসভা ও রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবেন তিনি।
রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণের পর দুপুর দেড়টায় একটি মন্দির পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম শেষে বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি।
পরে রাজশাহী থেকে বিমানযোগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান শেষে রাতে বিমানযোগে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
The post সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান appeared first on দৈনিক সবুজ বাংলাদেশ.
