আন্তর্জাতিক ডেস্ক :: পানামায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর আবারও ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
সোমবার (১২ অক্টোবর) দেশটিতে নতুন করে এ ভূমিকম্প অনুভূত হয়।
এতে বিভিন্ন অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, নতুন ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে।
এর আগে শুক্রবার (৯ অক্টোবর) পানামায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর থেকে দেশটিতে ৩০০টির বেশি পরবর্তী কম্পন বা আফটারশক রেকর্ড করা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, একের পর এক ভূকম্পনে দেশটির মধ্যাঞ্চলীয় কয়েকটি প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সপ্তাহান্তে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে পানামা সরকার।
জরুরি উদ্ধারকারী কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে অন্তত ২৭ জন আহত হয়েছেন এবং প্রায় ৯০০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে লস সান্তোস, কোকলে, ভেরাগুয়াস ও হেরেরা প্রদেশ।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রত্যন্ত অঞ্চলগুলোতে ক্ষয়ক্ষতি ও হতাহতের পূর্ণাঙ্গ তথ্য এখনো পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে সংশ্লিষ্ট এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ চলছে।
