গাজীপুরের টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের পাইপলাইনে লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ দম্পতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল সকাল ৬টার দিকে টঙ্গীর মোদাফা এলাকায় বিস্ফোরণে মো. লালচান (৬০) ও তার স্ত্রী মোছা. নাসিমা বেগম (৫০) ও তাদের মেয়ে মোছা. তানিসা আক্তার (১৬) দগ্ধ হয়েছিলেন।
এরপর সকাল সাড়ে ৭টার দিকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার গণমাধ্যমকে জানিয়েছিলেন, লালচানের শরীরের ৯৫ শতাংশ, নাসিমার ৮৫ শতাংশ ও তানিসার শরীরে ৮৬ শতাংশ পুড়ে গেছে। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
আরিফুর রহমান জানান, গত রাতেই লালচান ও নাসিমার মৃত্যু হয়। তারা পোশাককর্মী ছিলেন।
