আবারো নাটোরের বড়াইগ্রাম দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময অন্তত আহত হয়েছেন ২৫ জন।
শুক্রবার বিকেল ৫ টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহা সড়কের বড়াইগ্রাম উপজেলার থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম মিঠুন(২৫)।তিনি নাটোর সদর উপজেলার হয়বতপুর সৈয়দ মোড় এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা দেশ ট্রাভেলসের শীতাতপনিয়ন্ত্রিত বাসটি যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। অপরদিকে তাবাসসুম পরিবহনের একটি যাত্রীবাহী বাস যাচ্ছিল রাজশাহী। এসময় বড়াইগ্রাম উপজেলার থানা মোড় এলাকার পৌঁছালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছেঁ হতাহতদের উদ্ধার করেন। বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার কাজ চালায়। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে তিনি জানান।
উল্লেখ্য: গত মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এর তিনদিনের মাথায় সেই বড়াইগ্রামে আবারো দুই বাসের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
