Published on
:
1 min read
বিদেশের মাটিতে দুর্গাপুজোর স্বাদ। বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির বার্তা দিতে নর্থ্যাম্পটন হিন্দু বেঙ্গলি অ্যাসোসিয়েশনের (Northampton Hindu Bengali Association) উদ্যোগে অনুষ্ঠিত হলো দুর্গাপুজো। ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও। ইংল্যান্ডের প্রায় ৩০০ জন প্রবাসী ভারতীয় হাতে হাত মিলিয়ে আয়োজন করেছে এই উৎসবের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলার পিন্দার চৌহান (Pinder Chauhan), অ্যান্ড্রু কিলব্রাইড (Andrew Kilbride), টাইটাস আজায়ি (Titus Ajayi) এবং নীলাম সিং আগরওয়াল (Neelam Singh Agarwal)।
নর্থ্যাম্পটনের দুর্গোৎসবের অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশু থেকে প্রাপ্তবয়স্ক—বিভিন্ন বয়সের শিল্পীরা পারফর্ম করেছেন। বিশেষ নজর কেড়েছে খুদে শিল্পী অ্যাডউইন। তাঁর পিয়ানোয় ফুটে উঠেছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমি চিনি গো চিনি তোমারে’র সুর। এক দিন ধরে চলেছে গোটা অনুষ্ঠান। রীতি-নীতি মেনে আচার-অনুষ্ঠান পালন করেছেন নর্থ্যাম্পটন হিন্দু বেঙ্গলি অ্যাসোসিয়েশনের (NBHA) সদস্যরা। পুজোর সমস্ত আচার-অনুষ্ঠান সম্পন্ন করেছেন পুরোহিত প্রলয় মুখোপাধ্যায়। ছিল সিঁদুর খেলার অনুষ্ঠানও।
আয়োজকেরা জানাচ্ছেন, তাঁদের মূল লক্ষ্য ছিল প্রবাসে বাঙালির ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখা, নতুন প্রজন্মের মধ্যে সেই ঐতিহ্যের প্রতি আগ্রহ গড়ে তোলা এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সাংস্কৃতিক আদানপ্রদানকে উৎসাহিত করা।