গণমাধ্যম কর্মীদের সাথে সুনামগঞ্জ সদর হাসপাতাল কতৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে কর্তৃপক্ষের আয়োজনে হাসপাতালের কনফারেন্স হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ সোহাগ সভায় সভাপতিত্ব করেন।
এসময় সভায় তিনি বলেন, সদর হাসপাতালে ধারন ক্ষমতার চেয়ে তিনগুন বেশি রোগী প্রতিদিনিই চিকিৎসা নিচ্ছেন। এতে চিকিৎসকরা পর্যাপ্ত সেবা দিতে হিমশিম খাচ্ছেন। জনবল, পর্যাপ্ত ঔষুধ, অপ্রতুল অর্থের বরাদ্ধসহ নানা সংকটে বিপুল সংখ্যক রোগীকে চিকিৎসাসেবা প্রদানে ব্যঘাত ঘটছে।
তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ জানান, ১০০ শয্যার জনবল ২৫০ শয্যায় হলেও সংকটের মধ্যে চিকিৎসা দেয়া লাগছে ৯০০ রোগীকে। হাসপাতালের এসব সমস্যা সমাধানে জেলা সদরের সংসদ সদস্য ছাড়াও জেলার ৫ সংসদ সদস্যের আন্তরিক সহযোগিতা মিলছে এবং সংকটের সমাধান হচ্ছে বলে আশ্বাস দেন তত্বাবধায়ক।
তিনি আরও জানান, ডাক্তার, নার্স ও জনবল সংকটের পরও স্বাস্থ্যসেবায় অভূতপূর্ব ভূমিকা রাখায় সুনামগঞ্জ-২৫০ শয্যা সদর হাসপাতল দেশের ৮ম স্থান অর্জন করেছে মর্মে জানানো হয়। তিনি হাসপাতালের বিভিন্ন সংকট নিরসন, রোগীদের সুযোগ সুবিধা বৃদ্ধি ও উন্নত স্বাস্থসেবা নিশ্চিতে সম্মিলিতভাবে চিকিৎসা সেবায় সুনামগঞ্জ সদর হাসপাতালকে এগিয়ে নিতে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন।
আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় সিনিয়র কনসালটেন্ট মেডিসিন বিশেষজ্ঞ বিষ্ণু প্রসাদ রায়, মেডিকেল অফিসার শিপলু রায়সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত গনমাধ্যমকর্মীগন বক্তব্য রাখেন।
সভার শুরুতে হাসপাতালের সার্বিক চিকিৎসা ব্যবস্থার প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডেন্টাল সার্জন ডাঃ নিশাত তাসনিম।
