আজকাল ওয়েবডেস্ক: শেষমেশ বহু টালবাহানার পর সিদ্ধান্তেই বদল। শেষমেশ, ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেশ কিছু পরিষেবা সরানোর সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিগো। ২০২৭ সালের ফেব্রুয়ারি মাস থেকে মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দৈনিক ১২টি আন্তর্জাতিক উড়ান পর্যায়ক্রমে নভি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানান্তরিত করবে সংস্থাটি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবিবার ইন্ডিগো এবং আদানি এয়ারপোর্ট হোল্ডিংস লিমিটেড (AAHL)-এর তরফে একটি যৌথ বিবৃতি জারি করা হয়েছে। জানানো হয়েছে, বাহরিন, রিয়াধ, দাম্মাম, জেড্ডা, মদিনা, কুয়েত, রাস আল খাইমাহ, ফুজাইরাহ, মাসকাট, ঢাকা এবং জাকার্তাগামী সমস্ত আন্তর্জাতিক বিমান নভি মুম্বইয়ে সরিয়ে নেওয়া হবে। পাশাপাশি, কাঠমান্ডুর একটি নতুন দৈনিক পরিষেবাও আগামী বছর চালু হবে। ফলে ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে নভি মুম্বই থেকে ইন্ডিগোর আন্তর্জাতিক গন্তব্যের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১২টিতে।
আন্তর্জাতিক বিমান যাত্রীদের সুবিধার্থে কিছু অভ্যন্তরীণ (ডোমেস্টিক) বিমানও নতুন বিমানবন্দরে স্থানান্তরিত করা হবে। সমস্ত অনুমোদন পাওয়ার এবং ব্যবস্থার নেওয়ার পর চূড়ান্ত তারিখ ও সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সংস্থার তরফে জানানো হয়েছে, এর ফলে ছত্রপতি শিবাজী বিমানবন্দর থেকে ইন্ডিগো ২০২৭ সাল থেকে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের নতুন গন্তব্যের জন্য বিমান পরিষেবা চালু করতে পারবে। এছাড়া, এর ফলে মুম্বই বিমানবন্দরের টার্মিনাল ১ পুনর্নির্মাণের কাজও সহজ হবে।
এর আগে মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ, গত ২৫ অক্টোবর থেকে ৪৬টি বিমানসংস্থাকে ২৬৫টি আন্তর্জাতিক বিমান নভি মুম্বইয়ে সরানোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু যাত্রী সুবিধা ও সময়সূচি নিয়ে বিমান সংস্থাগুলির আপত্তি জানায়। যার ফলে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকও সেই সিদ্ধান্ত স্থগিত রাখার নির্দেশ দেয়। এর পর ইন্ডিগো ও আদানি গ্রুপের মধ্যে আলোচনার পর এই নতুন রূপরেখা তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালে কাজ শুরু হওয়ার পর ২০২৫ সালের অক্টোবরে শেষ নতুন বিমানবন্দর নির্মাণের কাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নভি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম পর্যায়ের উদ্বোধন করেন। সে বছরই ২৫ ডিসেম্বর থেকে সেখানে বাণিজ্যিক বিমান চালানো শুরু হয়। পরবর্তীকালে ২০২৬ সালের ১৫ জুলাই থেকে আন্তর্জাতিক বিমান চালনাও শুরু হয়ে যায়।
