টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যানসহ নিখোঁজ হওয়ার ২৪ দিন পর ১৪ বছর বয়সের কিশোর অটোচালক সবুজের মাথার খুলি ও কঙ্কালের হাড়গোড় উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে উপজেলার আন্দি জঙ্গলের ভেতর থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) টাঙ্গাইলের একটি দল এসব দেহাবশেষ উদ্ধার করে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত সবুজ সখীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলামের সন্তান। উদ্ধার অভিযানের সময় ঘটনাস্থলে পড়ে থাকা ছেলের ব্যবহৃত জুতা দেখে কান্নায় ভেঙে পড়েন তার বাবা সিরাজুল ইসলাম। তিনি ছেলেকে নির্মমভাবে হত্যার অভিযোগ তুলে জড়িয়দের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান।
নিহতের স্বজন ও পরিবার সূত্রে জানা যায়, চলতি বছরের ২৬ সেপ্টেম্বর সকালে নিজের অটোভ্যানটি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর রহস্যজনকভাবে নিখোঁজ হয় সবুজ। পরবর্তীতে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। অনুসরণের একপর্যায়ে গত ২৭ সেপ্টেম্বর গোপালপুর উপজেলার কালীবাড়ী বাজার এলাকা থেকে সবুজের ব্যবহৃত অটোভ্যানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনার তদন্তে নেমে পূর্বের আটককৃত দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে হাবিবুর রহমান (৩৫) ও শাহীন (৩৪) নামের আরও দুজনকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরবর্তীতে তাঁদের নিবিড় জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাওয়া তথ্যের আলোকেই আন্দি জঙ্গলে বিশেষ অভিযান পরিচালনা করে কিশোরের শরীরের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরসহ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
জেএইচআর
