কালবেলা · সাধারণ
খুলনায় মুদি দোকানদারকে লক্ষ্য করে গুলি
২৪/১০/২০২৬

খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে আকাশ কুমার কুণ্ডু নামে এক মুদি দোকানদার আহত হয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ টুটপাড়া ক্রস রোডের গাছতলা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। তার পেটে গুলি লেগেছে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
গুলিবিদ্ধ আকাশ কুমার কুণ্ডু দক্ষিণ টুটপাড়া গাছতলা মন্দিরের পূর্ব পাশের গলির বাসিন্দা শিব পদ কুণ্ডুর ছেলে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলে করে আসা হেলমেট পরা তিন যুবক আকাশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি বেঁচে আছেন বলে জানিয়েছেন ওসি।
ওসি আরও বলেন, ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এ ঘটনায় জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
মূল প্রতিবেদনে যান ↗