

গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে হত্যা, চাঁদাবাজি সহ ৩৪টি মামলার আসামী আব্দুল বারিক (৪০) ও একাধিক মামলার আসামী খলিল (৫৫) নামের ২জন কে গ্রেফতার করেছে।
গত বৃহস্পতিবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের পুইয়া গাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়।
বারিক পুইয়াগাড়ী গ্রামের মৃত জসিম উদ্দীনের পুত্র এবং খলিল একই গ্রামের মৃত নছিরের পুত্র। গ্রেফতারকৃতদের গোবিন্দগঞ্জ থানায় হস্তুান্তর করলে থানা পুলিশ তাদেরকে আদালতে প্রেরণ করে।
বিশ্ব খাদ্য দিবসে মানিকছড়িতে র্যালি ও আলোচনা সভা
'আজকের উদ্ভাবন, আগামীর পুষ্টি' এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির মানিকছড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ'র উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ও কারিতাসের কর্মকর্তা-মাঠ সহায়কসহ নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে র্যালিটি উপজেলা সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। কারিতাসের মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদ হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন হোসেন, হেডম্যান ক্যাচিংউ চৌধুরী, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন ও সাংবাদিক মো. রবিউল হোসেন। আলোচনায় বক্তারা বলেন, 'খাদ্য মানুষের মৌলিক অধিকার। তবে শুধু খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করলেই হবে না, বরং সবার জন্য নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে হবে। খাদ্য উৎপাদন বৃদ্ধি, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশবান্ধব কৃষিব্যবস্থা গড়ে তোলা এবং খাদ্যের অপচয় রোধে সবাইকে সচেতন হতে হবে'। সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

শ্রীবরদীতে নিজ অর্থায়নে সাঁকো নির্মাণ করে দিলেন মাওলানা আরিফুর রহমান
শেরপুরের শ্রীবরদীতে ১০ গ্রামের সহস্রাধিক মানুষের যাতায়াতের সুবিধার্তে প্রায় দুই লক্ষ টাকা ব্যয়ে ১ শত ২০ ফিট দৈর্ঘ্য কাঠের সাঁকো নির্মাণ করে দিয়েছেন কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী হাফেজ মাও: আরিফুর রহমান। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের গেরামার তিনঘড়ি পাড়া গ্রামে এ সাঁকো উদ্বোধন করা হয়েছে। কাকিলাকুড়া চৌরাস্তা জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাও: মাসুদুর রহমান কাশেমী দাঃ বাঃ'র সভাপতিত্বে সাঁকো উদ্বোধন করেন কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী হাফেজ মাওঃ আরিফুর রহমান। এসময় তিনি বলেন, দীর্ঘদিন যাবত গেরামারা তিনঘড়ি পাড়া, ঘোনাপাড়া, বকচর, কন্টিপাড়া, খাসপাড়া, বড় গেরামারা, চৌরাস্তা, কামারদহ ও চিতলিয়া পাড়াসহ প্রায় ১০ গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে অনেক কষ্টে যাতায়াত করে। শুকনা মৌসুমে কাঁদা ও বর্ষা মৌসুমে এই ভাঙ্গা খাল দিয়ে যাতায়াত করা অনেক কষ্টকর। তাদের কষ্ট দুর করার জন্য নিজ উদ্যোগে সাঁকো করে দিলাম। এতেকরে গ্রামবাসি আনন্দে উচ্ছ্বসিত তাকে ফুলের মালা পড়িয়ে দিয়ে উল্লাস করে। এসময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হারেছ, সিনিয়র শিক্ষক শহীদ উল্লাহ, সাবেক সমবায় অফিসার আব্দুর রহিম, মুফতি মোঃ বজলুর রশিদ, হাফেজ মাওঃ শফিকুল ইসলাম, হাফেজ মাওঃ ইয়াকুব আলী, সাবেক ব্যাংকার এরশাদুল ইসলাম, কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি সিনিয়র শিক্ষক মাওঃ মোঃ আবুল কালাম, হযরত মাওঃ ইসমাইল হোসেন জাফরী ও বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার হোসেন খোকন প্রমূখ। এসময় কয়েক শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

গণতন্ত্রের ভিত শক্তিশালী হলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী এ্যানি
দলমত-নির্বিশেষে দেশের গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখতে পারলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের বার্ষিক সাধারণ সভা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে ২৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়। এ্যানি বলেন, দেশের মানুষের জন্য নতুনভাবে বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ জন্য সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করা এ মুহূর্তে অত্যন্ত জরুরি। নির্বাচনী প্রক্রিয়া নতুনভাবে শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ যাত্রাকে অনেক দূর এগিয়ে নিতে হবে। নানা কঠিন পরিস্থিতি মোকাবিলা করে লক্ষ্যে পৌঁছাতে হবে। দলমত-নির্বিশেষে গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখার চেষ্টা করতে হবে। তাহলেই নিয়মিত উন্নয়ন কার্যক্রমের মধ্য দিয়েও বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব। পানিসম্পদমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭-১৮ বছর দেশে ভালো রাজনৈতিক পরিবেশ ছিল না। নানা প্রতিকূলতা মোকাবিলা করে এখন স্বাভাবিক জীবন ফিরে এসেছে। এ স্বাভাবিক জীবন ধরে রাখতে সবাইকে সচেষ্ট হতে হবে। এত দিন রাজনৈতিক সংগ্রাম করেছেন, এখন জীবনসংগ্রামে এগিয়ে যেতে হবে। দেশের অভাব-অনটন দূর করে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন উদ্যোগ নিয়ে দেশ পরিচালনার যাত্রা শুরু করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর জীবদ্দশায় অল্প সময়ের মধ্যে স্বনির্ভর বাংলাদেশ গড়ার চেষ্টা করেছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, সংগ্রাম ও ত্যাগের কথাও স্মরণ করেন তিনি। সংসদে বিভিন্ন বিষয়ে আলোচনা হলেও সংসদের বাইরে অনেক সময় সেই আলোচনার ধারাবাহিকতা বজায় থাকে না উল্লেখ করে এ্যানি বলেন, আবেগের বশবর্তী হয়ে এমন কোনো কর্মসূচি নেওয়া উচিত নয়, যা দেশের জন্য ক্ষতিকর হতে পারে। সব দিক বিবেচনা করে দায়িত্বশীলতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে। লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ ছাইফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন এবং লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমানসহ অন্যরা।

নেত্রকোনা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের ব্রিফিং
নেত্রকোনা জেলা পুলিশের উদ্যোগে শুক্রবার শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ডিউটিরত পুলিশ সদস্যদের ব্রিফিং করেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। নেত্রকোনা পুলিশ লাইন্সে সকাল ১০ব্রিফিংয়ে টায় এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, দূর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব ও কর্তব্য। তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপে সতর্ক নজরদারি রাখতে হবে।আগত ভক্ত ও দর্শনার্থীদের সাথে সদাচরণ ও বিনয়ী ব্যবহার করতে হবে। ডিউটির সময় সর্বোচ্চ ধৈর্য, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। সিসিটিভি ক্যামেরা, চেকপোস্ট ও টহল কার্যক্রম সর্বদা সক্রিয় রাখতে হবে। সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ চিহ্নিত হলে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। ভিড় নিয়ন্ত্রণে সচেতনভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে স্থানীয় পূজা উদযাপন কমিটি ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রাখতে হবে। ডিউটিরত অবস্থায় মোবাইল ফোন বা অন্যান্য কাজে অমনোযোগিতা করা যাবে না। জরুরি অবস্থায় দ্রুত সিদ্ধান্ত নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। জনগণের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ জাগিয়ে তোলার মতো আচরণ করতে হবে। উৎসব চলাকালীন প্রতিটি সদস্যকে সতর্ক, সজাগ ও দায়িত্বশীল থাকতে হবে। তিনি আরও বলেন “আপনাদের নিষ্ঠা, আন্তরিকতা ও সতর্কতাই জনগণের আস্থা অর্জনের মূল চাবিকাঠি। পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই শান্তিপূর্ণভাবে এই উৎসব উদযাপন সম্ভব। ব্রিফিং এ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বপন কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান, সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) গোলাম মোস্তফা, মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আবুল খায়েরসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ।

কুলিয়ারচরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম গ্রেপ্তার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মোয়াজ্জেম হোসেন উপজেলার ছয়সূতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব আব্দুল্লাহপুর শান্তি মোড় এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একত্রিত হয়ে মিছিল ও বিভিন্ন স্লোগান দেয়। এ ঘটনার প্রেক্ষিতে গত ১৪ অক্টোবর কুলিয়ারচর থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯(১), ৯(২), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় একটি মামলা রুজু করা হয় (মামলার এফআইআর নম্বর-৯)। উক্ত মামলায় ১৫ জনের নাম উল্লেখ করার পাশাপাশি আরও ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। অভিযান পরিচালনা করে ওই মামলায় তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


