কালবেলা · আন্তর্জাতিক
হুতিদের পরিণতি ভোগ করতে হবে, হুঁশিয়ারি সৌদি মন্ত্রিসভার
১৩/১০/২০২৬

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বারবার হামলার জন্য তাদের ‘পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরবের মন্ত্রিসভা। একই সঙ্গে দেশের নিরাপত্তা এবং লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে নৌচলাচলের নিরাপত্তার প্রশ্নে কোনো হুমকি সহ্য করা হবে না বলে জানিয়েছে রিয়াদ।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রিয়াদে যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অবস্থান তুলে ধরা হয়।
বৈঠক শেষে মন্ত্রিসভার পক্ষ থেকে বলা হয়, সৌদি আরবের নিরাপত্তা কিংবা লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে নৌচলাচলের জন্য হুমকি সৃষ্টি করে, এমন কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না।
এ ছাড়া হুতিদের হুমকি মোকাবিলায় প্রচেষ্টার জন্য ইয়েমেনের সরকারি বাহিনীর প্রশংসা করেছে সৌদি মন্ত্রিসভা। হুতিদের কাছ থেকে সৃষ্ট হুমকি ‘নিষ্ক্রিয়’ করার প্রচেষ্টাকে স্বাগত জানানো হয়।
লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালি আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ। এ অঞ্চলে নিরাপত্তা বিঘ্নিত হলে আন্তর্জাতিক জাহাজ চলাচল ও সরবরাহব্যবস্থায় প্রভাব পড়তে পারে।
তবে হুতিদের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে, সে বিষয়ে মন্ত্রিসভার পক্ষ থেকে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।
সূত্র: আল জাজিরা
মূল প্রতিবেদনে যান ↗