ডিজিএফআই, এনএসআই এবং কাস্টমস ইন্টেলিজেন্স কর্তৃপক্ষের যৌথ অভিযানে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
Published : 18 Oct 2026, 02:11 PM
Updated : 18 Oct 2026, 02:11 PM
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৫৬৬ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে।
আবুধাবি থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমানে রোববার সকালে ওই যাত্রী বিমানবন্দরে নামেন।
আটক যাত্রী কামরুল ইসলাম চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ শাখার বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিজিএফআই, এনএসআই এবং কাস্টমস ইন্টেলিজেন্স কর্তৃপক্ষের যৌথ অভিযানে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
ওই যাত্রীর ব্যাগের ভেতরে থাকা নন-স্টিক প্যান, স্টেইনলেস স্টিলের সবজি ব্লেন্ডিং এর যন্ত্র এবং স্টেইনলেস স্টিলের বাসন রাখার স্ট্যান্ড এর ভিতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় থাকা ৪৬৬ গ্রাম ওজনের চারটি স্বর্ণের দণ্ড উদ্ধার করা হয়। এছাড়া তার কাছে থাকা ১০০ গ্রাম ওজনের স্বর্ণের চুড়িসহ সর্বমোট ৫৬৬ গ্রাম সোনাও উদ্ধার হয়।
উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা।
বিমান কর্তৃপক্ষ বলছে, স্বর্ণ পরিবহনে জড়িত ও আটক যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা করে পতেঙ্গা থানা পুলিশের হাতে তাকে তুলে দেওয়ার প্রক্রিয়া চলমান আছে।
