চাঁদপুরের কচুয়ায় পুকুরের ডুবে সাদিয়া (১০) ও সামিরা (৮) নামে দুই শিশু মারা গেছে।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে ৬ নম্বর উত্তর কচুয়া ইউনিয়নের উজানী গ্রামের সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সাদিয়া ওই গ্রামের রহিম হোসেনের মেয়ে। অন্য শিশু সামিরা চট্টগ্রাম থেকে পূজার ছুটিতে দাদার বাড়িতে বেড়াতে এসেছিল। তিনি বিল্লাল হোসেনের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুরে ১টার দিকে শিশু দুটি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে।
একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করেন। পরে দ্রুত তাদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. জহিরুল ইসলাম শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত দুই শিশুর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
