আজমিরীগঞ্জে নদীতে নিখোঁজের ২১ ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার
হবিগঞ্জের আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২১ ঘণ্টা পর মরিয়ম বিবি (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বাঁশবাজারসংলগ্ন নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
মরিয়ম বিবি আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের শাহনগর নরজাকান্দা গ্রামের আমজাদ মিয়ার স্ত্রী। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে বাড়ির পাশের কালনী নদীতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোসলের একপর্যায়ে নদীর স্রোতে ভেসে যান মরিয়ম। বিষয়টি জানার পর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।
বুধবার সকালে বাঁশবাজারসংলগ্ন নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
কাকাইলছেও নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ অপু দাস মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরিয়মের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। আবেদন গৃহীত হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় ইউপি সদস্য মো. মহিবুর মিয়া জানান, প্রায় এক বছর আগে মরিয়ম বিবির সঙ্গে আমজাদ মিয়ার বিয়ে হয়। নদীতে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ হওয়ার পর বুধবার তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
The post আজমিরীগঞ্জে নদীতে নিখোঁজের ২১ ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার appeared first on Rising Cumilla.
