আমার কাগজ প্রতিবেদক
জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন— জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে রাষ্ট্রের মৌলিক গণতান্ত্রিক রূপান্তর নিশ্চিত করতে হবে। কেবল ক্ষমতার পালাবদল নয়, জনগণের সার্বভৌম ক্ষমতার প্রতিষ্ঠা, রাষ্ট্রের সব প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করা এবং গণতান্ত্রিক ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠাই হতে হবে রাষ্ট্র সংস্কারের মূল লক্ষ্য। জুলাই জাতীয় সনদের অঙ্গীকার এবং গণভোটের মাধ্যমে প্রকাশিত জনগণের রায়কে উপেক্ষা করা হলে তা রাষ্ট্রের জন্য বিপজ্জনক ঝুঁকি সৃষ্টি করবে। সরকারকে এমন যেকোনো প্রবণতা থেকে বিরত থাকতে হবে, যা জনগণকে রাষ্ট্রের মুখোমুখি দাঁড় করায়। অন্যথায় সমাজ ও রাষ্ট্রে গভীর বিভাজনের বীজ বপন হবে, যার পরিণতি জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারে। জনগণের সার্বভৌম ক্ষমতাই হবে রাষ্ট্র রূপান্তরের ভিত্তি ।
তিনি আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি সরকারের পরিবর্তনের ঘটনা নয়; এটি রাষ্ট্রের ক্ষমতাকাঠামো, শাসনব্যবস্থা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর মৌলিক সংস্কারের জন্য জনগণের আকাঙ্ক্ষার প্রকাশ। এই আকাঙ্ক্ষাকে কার্যকর রাষ্ট্রব্যবস্থায় রূপ দিতে হলে জনগণের সার্বভৌম ক্ষমতাকে সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। জনগণের সঙ্গে রাষ্ট্রের বিরোধাত্মক সম্পর্ক তৈরি না করে সংলাপ, ঐকমত্য ও সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে রাষ্ট্র রূপান্তরের পথ সুগম করতে হবে।
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর ভাটারায় সিরাজুল আলম খান সেন্টারে ‘জুলাই সনদ স্বাক্ষরের এক বছর: জনগণের রায় ও রাষ্ট্র রূপান্তরের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় এ বক্তব্য উঠে আসে। জাতীয় সমাজতান্ত্রিক দল—জেএসডি এ আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন দলের সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব।
বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া,এড. কে এম জাবির,কামাল উদ্দিন পাটোয়ারী,যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড.সৈয়দ বেলায়েত হোসেন বেলাল,মোশারেফ হোসেন মন্টু,মোহাম্মদ মোস্তফা কামাল,কামরুল আহসান অপু,ফারহান হাবীব, শফিকুল ইসলাম শফিক,আনিসা রত্না,ইলোরা খাতুন সোমা,মাসুদ পারভেজ সোহেল প্রমুখ।
সভায় সভাপতির বক্তব্যে তানিয়া রব বলেন—, গণভোট জনগণের সার্বভৌম ক্ষমতা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতি। গণভোটের মাধ্যমে জনগণ রাষ্ট্রের মৌলিক প্রশ্নে যে রায় প্রদান করেন, তার সাংবিধানিক তাৎপর্য ও রাজনৈতিক গুরুত্ব যথাযথভাবে বিবেচনা করা রাষ্ট্রের কর্তব্য। জুলাই সনদের অঙ্গীকার এবং গণভোটের রায়কে উপেক্ষা করে রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার চেষ্টা জনগণের আস্থা ও রাষ্ট্রের সঙ্গে নাগরিকের সম্পর্ককে সংকটের মুখে ফেলতে পারে। তাই জনগণের রায়ের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন, তার বাস্তবায়নের পথ সুস্পষ্ট করা এবং এ বিষয়ে গণতান্ত্রিক ঐকমত্য গড়ে তোলা জরুরি।
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া বলেন, রাষ্ট্রের নির্বাহী বিভাগের ক্ষমতার ওপর কার্যকর নিয়ন্ত্রণ, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি এবং রাষ্ট্র পরিচালনায় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যেই জুলাই সনদ প্রণীত হয়েছে এবং গণভোটের মাধ্যমে তা গণরায়ে পরিণত হয়েছে। এটা নিয়ে সরকারের পরীক্ষা নিরীক্ষার কোন সুযোগ নেই।
সভায় জাতীয় সমাজতান্ত্রিক দল—জেএসডি:র নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
The post গণতন্ত্র রূপান্তরে কাঠামোগত সংস্কার অপরিহার্য: শহীদ উদ্দিন মাহমুদ স্বপন appeared first on দৈনিক আমার কাগজ.
