প্রকাশিত: ১০:১৯, ১২ অক্টোবর ২০২৬ আপডেট: ১০:৩৭, ১২ অক্টোবর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
উদ্ধার হওয়া ককটেল
চাঁপাইনবাবগঞ্জে মাটির নিচে পুঁতে রাখা ১৭টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মুন্সি মণ্ডল টোলা এলাকার একরামুল হকের লেবুর বাগান থেকে এসব বস্তু উদ্ধার হয়।
এর আগে, একইদিন সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার জোরগাছি নতুনপাড়ায় পরিত্যক্ত অবস্থায় আরো সাতটি ককটেল উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, লেবুবাগানে লাকড়ি ও শুকনো পাতা কুড়াতে গিয়ে এক নারী তিনটি মাটির গর্ত ভরাট দেখে স্থানীয়দের খবর দেন। স্থানীয়রা এসে নতুন গর্তের মধ্যে বালতির ওপরে থাকা পলিথিন দেখতে পেয়ে হাতবোমা বা ককটেল সন্দেহ করে পুলিশকে জানায়। বিকেল থেকে রাত পর্যন্ত ওই এলাকা ঘিরে রাখে পুলিশ। রাতে স্থানীয়দের সহযোগিতায় তিনটি বালতিতে থাকা ককটেল উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, তিনটি বালতি উদ্ধার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। তারা সরেজমিনে এসে রাতে তিনটি বালতিতে থাকা ১৭টি ককটেল নিষ্ক্রিয় করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
গত ২ অক্টোবর একই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের হাতে থাকা ককটেল বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওদুদ মহরিলের দুই সমর্থক আহত হন। এসময় আরো ১১টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ।
