যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের উইচিটা শহরে ফুটবল খেলা চলাকালে একটি গাড়ি মাঠে ঢুকে পড়ায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৭ অক্টোবর) স্ট্রাইকার স্পোর্টস কমপ্লেক্সে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
পুলিশ জানায়, কালো রঙের শেভ্রোলেট সিলভেরাডো পিকআপ ট্রাকটি ফুটবল খেলা চলার সময় মাঠে ঢুকে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে।
উইচিটা পুলিশের ক্যাপ্টেন অ্যারন মোজেস বলেন, ‘ঘটনাস্থলে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া আরও কয়েকজন হতাহত হয়েছেন এবং তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, ঘটনার পর গাড়িচালককে আটক করা হয়েছে। গাড়িটি ঘটনাস্থলেই ছিল এবং চালক বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক চালকের কারণে জনসাধারণের জন্য নতুন করে কোনো তাৎক্ষণিক হুমকি নেই।
