খুলনা বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে খুলনা জেলায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানান।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের দৈনিক তথ্য বিবরণী অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে ৭৬ জন ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১৩০ জন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত বিভাগে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৫১১ জনে। তাঁদের মধ্যে ১৪ হাজার ৭৪ জন হাসপাতালে ভর্তি হন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৫৮৩ জন।
গত সাত মাসে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৫২ জন। তাঁদের মধ্যে খুলনা জেলায় ২৯ জন, কুষ্টিয়ায় ১৬ জন, ঝিনাইদহে পাঁচজন এবং চুয়াডাঙ্গা ও মেহেরপুরে একজন করে মারা গেছেন। এ সময়ে পরীক্ষায় বিভাগজুড়ে ৪৫৮ জনের শরীরে হামের ভাইরাস শনাক্ত হয়েছে।
বিভাগের ১০ জেলার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, কুষ্টিয়া, খুলনা ও মাগুরায় হামের প্রকোপ বেশি। ১৫ মার্চ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত কুষ্টিয়ায় সর্বোচ্চ ৩ হাজার ২৪৯ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে ২৩ জনের হাম নিশ্চিত হয়েছে। খুলনায় সন্দেহভাজন রোগী ২ হাজার ৬৬৭ জন এবং নিশ্চিত রোগী ৫৬ জন।
অন্যদিকে, মাগুরায় সন্দেহভাজন রোগী ২ হাজার ১৯৮ জন হলেও নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বিভাগের মধ্যে সর্বোচ্চ ১০১ জন।
এ ছাড়া বাগেরহাটে ৭৪, যশোরে ৫৮, সাতক্ষীরায় ৩৪, নড়াইলে ৮৫, ঝিনাইদহে ১৭, মেহেরপুরে ১০ এবং চুয়াডাঙ্গায় ৭৩২ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছেন।
