অবসর ভেঙ্গে পর্তুগাল জাতীয় দলে ফেরা এবং পরে দলের অনুশীলন ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার ঘটনা ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলায় কোনো প্রভাব ফেলেনি। রিয়াদে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল নাসরের জয়ে ফেরার ম্যাচে গোল পেয়েছেন পর্তুগিজ ফুটবল মহাতারকা।
আরব আমিরাতের ক্লাব আল আইনের মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে এবারের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছে আল নাসর। ১৬ দলের ‘ওয়েস্ট রিজন’ গ্রুপে সোমবার (১৩ অক্টোবর) রিয়াদের আল আওয়াল পার্কে উজবেকিস্তানের নেফচি ফেরগানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে নামে রোনালদোর দল। তবে রিয়াদ অভিমুখে হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট প্রতিহত করার কথা জানানোর পর ম্যাচটি নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হয়।
৩৩ মিনিটে অ্যাঞ্জেলোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। বক্সের ভেতর সতীর্খের পাস পেয়ে নিচু শটে জাল খুঁজে নেন ৪১ বছরের পর্তুগিজ ফরোয়ার্ড। ২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেওয়ার পর সৌদি ক্লাবটির জার্সিতে এটি তার ১৩৪তম গোল। পেশাদার ক্যারিয়ারে হাজার গোলের মাইলফলকের পথে ছুটে চলা ফুটবল মহাতারতার মোট গোল হলো ৯৮১টি। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে আলিশের ওদিলভের গোলে ব্যবধান কমায় নেফচি। আর ৬৫ মিনিটে দলটির ইক্রমজন আলিবায়েভ ফাউল করে লাল কার্ড দেখলে ১০ জনের দল নিয়ে ৭৮ মিনিটে আত্মঘাতী গোল হজম করে তারা। ম্যাচটি ৩-১ ব্যবধানেই জিতে নেয় আল নাসর।
