চলচ্চিত্র জগতে পা রেখেই আলোচনায় এসেছিলেন তেলুগু অভিনেত্রী নীতি টেলর। তবে মাত্র তিনটি সিনেমায় অভিনয়ের পরই বড় পর্দা থেকে দূরে সরে যান তিনি। দীর্ঘদিন পর এবার সেই সিদ্ধান্তের পেছনের কারণ জানালেন অভিনেত্রী। তাঁর দাবি, এক পরিচালকের কাছ থেকে কাস্টিং কাউচের শিকার হওয়ার অভিজ্ঞতা তাঁকে সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করেছিল।
সম্প্রতি ‘হাউটারফ্লাই’-এর একটি অনুষ্ঠানে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন নীতি। অভিনেত্রীর ভাষ্য, প্রথম সিনেমার কাজ শেষ হওয়ার পর সেই ছবির পরিচালক তাঁকে আরেকটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন। কিন্তু প্রস্তাবের সঙ্গে জুড়ে দেন আপত্তিকর শর্ত।
নীতি বলেন, “আমার সঙ্গে প্রথম ছবিটি যিনি করেছিলেন, সেই পরিচালক ছবির কাজ শেষ হওয়ার পর আমাকে আরেকটি ছবির জন্য ফোন করেন। তারপর তিনি বলেন, এবার ছবিটা করতে হলে তোমাকে আমার সঙ্গে রাত কাটাতে হবে।” এমন প্রস্তাব শুনে আর কথা না বাড়িয়ে ফোন কেটে দেন অভিনেত্রী। এরপর পরিচালকের নম্বর ব্লক করে দেন। পরে মাকে ফোন করে পুরো ঘটনা জানান তিনি।
নীতি জানান, ওই পরিচালককে অন্য নারীদের সঙ্গেও দেখেছিলেন তিনি। কিন্তু তাঁর নিজের সঙ্গেও এমন আচরণ করা হতে পারে, তা কখনো ভাবেননি। অভিনেত্রীর কথায়, ঘটনার পর তিনি এতটাই হতবাক হয়ে গিয়েছিলেন যে কী করবেন, তা বুঝে উঠতে পারছিলেন না। তাই পরিচালকের নম্বর ব্লক করা ছাড়া আর কোনো পদক্ষেপ নেননি। কাউকে বিষয়টি জানানোর মতো মানসিক অবস্থাও তখন তাঁর ছিল না বলে জানান তিনি। নীতি বলেন, ওই ঘটনার পরই সিদ্ধান্ত নেন, জীবনে আর কোনো সিনেমায় অভিনয় করবেন না।
মাত্র ১৫ বছর বয়সে হিন্দি ধারাবাহিক ‘পেয়ার কা বন্ধন’-এর মাধ্যমে টেলিভিশনে অভিনয়জীবন শুরু করেন নীতি টেলর। তবে ২০১৪ সালের জনপ্রিয় ধারাবাহিক ‘কাইসি ইয়ে ইয়ারিয়া’ তাঁকে ব্যাপক পরিচিতি এনে দেয়। এরপর একাধিক টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। বড় পর্দায় কাজ সীমিত থাকলেও ছোট পর্দায় নিজের অভিনয় দিয়ে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন নীতি।
তাঁকে সর্বশেষ দেখা গেছে ‘বড়ে অচ্ছে লাগতে হ্যায় ২’ ধারাবাহিকে। সম্প্রতি রিয়্যালিটি শো ‘অ্যালায়েন্স’-এও অংশ নিয়েছিলেন অভিনেত্রী। সেখানে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছান তিনি। শোটির বিজয়ী হন মিনি মাথুর।
দীর্ঘদিন পর নিজের জীবনের সংবেদনশীল অভিজ্ঞতা প্রকাশ্যে এনে নীতি টেলর আবারও আলোচনায় এসেছেন। তাঁর এই বক্তব্য বিনোদনজগতে কাজের সুযোগের বিনিময়ে অনৈতিক শর্ত আরোপের মতো সমস্যাকে নতুন করে সামনে এনেছে।
The post পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান অভিনেত্রী, এরপর যা ঘটল appeared first on ভোরের চেতনা.
