কালবেলা · general
সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
১৪/১০/২০২৬

মৌলভীবাজারে সন্ত্রাসবিরোধী মামলায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে জুড়ী শহরের কলেজ রোড এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কিশোর রায় চৌধুরী মনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জুড়ী উপজেলা শাখার তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘সন্ত্রাসবিরোধী মামলায় কিশোর রায় চৌধুরী মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হয়েছে।’
এদিকে, একই দিন সকালে জুড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল হয়। স্থানীয়রা জানান, জুড়ী কলেজ ছাত্রলীগের নেতা হাবিবুর রহমান জয়ের নেতৃত্বে ৭/৮ জন মুখোশধারী ব্যক্তি কিশোর রায় চৌধুরী মনির বাড়ির সামনের সড়কে মিছিল করেন। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ব্যানার ছিল। অল্প সময়ের মধ্যে মিছিলটি শেষ করে অংশগ্রহণকারীরা সেখান থেকে পালিয়ে যায়।
মূল প্রতিবেদনে যান ↗