স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ১৬ দিন পর মারা গেছেন গোয়াইনঘাটের জাফলং হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা তাজুল ইসলাম। রোববার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে ঢাকার কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সহোদর ফখরুল ইসলাম।
জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর জাফলং থেকে সিলেটের আমান উল্লাহ কনভেনশনে একটি সেমিনারে যোগ দিতে প্রাইভেটকারে রওনা হন মাওলানা তাজুল ইসলাম। পথে জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকায় প্রাইভেটকারটির সঙ্গে একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হন। পরে তাঁদের সিলেটের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।
গুরুতর আহত তাজুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর রোববার তিনি মারা যান।
মাওলানা তাজুল ইসলাম পশ্চিম জাফলং আদর্শ দাখিল মাদ্রাসার সাবেক সুপার ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জাফলং হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি শিক্ষক সমিতির নেতা হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
তাঁর বাড়ি জৈন্তাপুর উপজেলার ছৈয়া গ্রামে। তিনি মরহুম মাওলানা আব্দুর রবের মেজো ছেলে। শিক্ষকতা ও সামাজিক কর্মকাণ্ডের কারণে জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় তাঁর ব্যাপক পরিচিতি ও সুনাম ছিল।
তাঁর মৃত্যুতে দুই উপজেলার শিক্ষক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে ছৈয়া শাহী ঈদগাহ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
