গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার বনগ্রাম ও ভাতগ্রাম ইউনিয়নের মধ্যবর্তী দুর্গাপুর সড়কের একটি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ বিষয়ে নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম হাবিবুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ব্রিজের নিচে পানিতে ওই নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল বলেন, ‘স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা পরিচয় শনাক্তের চেষ্টা করছি। প্রাথমিক সুরতহালে মরদেহে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।’
