ডেস্ক রিপোর্ট: হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ ১৬ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে। দেবীর বোধন, আবাহন ও অধিবাসের মধ্য দিয়ে মণ্ডপে মণ্ডপে শুরু হবে পূজা-অর্চনা। ধূপ-ধুনুচি, শঙ্খ-উলুধ্বনি ও ঢাকের বাদ্যে উৎসবমুখর হয়ে উঠবে পূজামণ্ডপগুলো।
সনাতন ধর্মীয় বিশ্বাস ও পঞ্জিকা অনুযায়ী, এবার দেবী দুর্গা ঘোড়ায় চড়ে মর্ত্যে আসবেন এবং বিজয়া দশমীতে নৌকায় চড়ে স্বর্গলোকে ফিরে যাবেন।
পাঁচ দিনব্যাপী এ উৎসব বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। দুর্গাপূজা উপলক্ষে সারাদেশের মণ্ডপগুলোতে প্রতিমা সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ সম্পন্ন হয়েছে। উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
এ বছর সারাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গত বছরের তুলনায় প্রায় দেড় হাজার বেশি। ঢাকা মহানগরে পূজা হচ্ছে ২৫৮টি মন্দির ও মণ্ডপে।
এদিকে দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন বলে জানানো হয়েছে। ২০ অক্টোবর নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি, ২১ অক্টোবর বিজয়া দশমীতে সাধারণ ছুটি এবং ২২ অক্টোবর প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিনের ছুটি মিলছে।
