প্রকাশিত: ১৪:১১, ২২ অক্টোবর ২০২৬ আপডেট: ১৪:৩২, ২২ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
লক্ষ্মীপুরে ‘ইকোনো’ পরিবহনের একটি বাস থেকে নামিয়ে যুবলীগ নেতা ভিপি মেজবাহ উদ্দিন হেলালকে মারধর ও মব সৃষ্টির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. জামাল হোসেন (৩২) নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২১ অক্টোবর) রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর তেমুহনী এলাকায় লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠ থেকে মেজবাহ উদ্দিনকে উদ্ধার করা হয়।
আটক জামাল হোসেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক।
জেলা গোয়েন্দা শাখার টহল দল সূত্রে জানা যায়, ঝুমুর মোড় থেকে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন ব্যক্তি ইকোনো পরিবহনের একটি বাস থেকে মেজবাহ উদ্দিন হেলালকে নামিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে জামাল হোসেনকে আটক করা হয়।
মেজবাহ উদ্দিন হেলালের অভিযোগ, তাকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে উত্তর স্টেশন এলাকার লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মারধর করে গণপিটুনি দেওয়ার চেষ্টা করা হয়।
এদিকে আটক জামাল হোসেন লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর এলাকার আবু সাঈদের ছেলে। মেজবাহ উদ্দিন হেলাল রামগতি উপজেলার পূর্ব চর কলাকোপা গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে।
এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের বিষয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
