খুলনায় হামলার ঘটনায় দুইজন গ্রেপ্তার, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস
খোলা বাজার অনলাইন, ডেস্ক:
- আপডেট সময় : ১১:৫৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
আহত পুলিশ পরিদর্শক মো. শাহ আলমকে এভারকেয়ার হাসপাতালে দেখতে যান স্বরাষ্ট্রমন্ত্রী ।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
খুলনায় ছিনতাইকারী ও দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহ আলমকে দেখতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) হাসপাতালে গিয়ে মন্ত্রী কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহত পুলিশ কর্মকর্তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন।
এ সময় শাহ আলমের সর্বোচ্চ উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার বিষয়ে আহত পুলিশ কর্মকর্তা ও তাঁর পরিবারকে আশ্বস্ত করেন তিনি।
এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা জেলার এ-সার্কেলে কর্মরত পুলিশ পরিদর্শক শাহ আলম বিশেষ অভিযান শেষে রিকশাযোগে পুলিশ ক্লাবে যাচ্ছিলেন। পথে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে তিনজন দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। তারা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি ধারালো চাপাতি দিয়ে তাঁর দুই হাতের কবজির ওপর গুরুতর জখম করে।
পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ইতোমধ্যে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

