কুড়িগ্রামের রৌমারীতে অগ্নিনির্বাপণ মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এবং ফায়ার সার্ভিসের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল—‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’।
কর্মসূচির শুরুতে অগ্নিনির্বাপণ বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামস উদ্দিন, উজ্জ্বল দিও, প্রজেক্ট ম্যানেজার ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আব্দুল মালেক, ফিল্ড ফ্যাসিলিটেটর মাকসুদ আক্তার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শওকত আলী এবং রৌমারী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন সরকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধিরা, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকেরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিনিয়ত নানা ধরনের দুর্ঘটনা ও দুর্যোগের মুখোমুখি হতে হয়। তাই দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সাহস ও সচেতনতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে পরিবার, সমাজ এবং দেশকে আরও দুর্যোগসহনশীল করে গড়ে তোলা সম্ভব।
The post রৌমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত appeared first on ভোরের চেতনা.
