জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আপনারা (হিন্দু ধর্মাবলম্বী) নিজেদেরকে কখনো অসহায় ভাববেন না। আপনারা এ দেশের নাগরিক। আপনাদের দেখে রাখার দায়িত্ব আমাদের। আপনাদের ছেলে-মেয়েরা যদি ভালো পড়াশোনা করে এবং কৃতী শিক্ষার্থী হয়, তাহলে তাদের দায়িত্বও আমরা নেব।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে লালমোহন উপজেলার কেন্দ্রীয় শ্রী শ্রী মদন মোহন মন্দিরে শারদীয় দুর্গাপূজা পরিদর্শনের সময় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, সালিশ বিচার করতে আপনারা কারও কাছে যাবেন না। সমস্যা হলে পুলিশ প্রশাসনের কাছে যাবেন এবং তাদের সহায়তা নেবেন। সালিশ বিচারের নামে দুপক্ষ থেকে টাকা নিয়ে সালিশ করছে লোকজন। এ জন্য তাদের কাছে না যাওয়াই ভালো।
স্পিকার এ সময় বলেন, মন্দির ও শ্মশানের উন্নয়নের জন্য মোট ৯ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। শ্মশানের জন্য ৪ লাখ ও মন্দিরের জন্য ৫ লাখ টাকা। কিছুদিনের মধ্যে এই টাকা পেয়ে যাবেন।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা সবাই সমানভাবে আমাকে সম্মান করেন, শ্রদ্ধা করেন। এটাই আমার পরম পাওয়া। একজন ব্যক্তি হিসেবে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এজন্য আমি এমপি, মন্ত্রী ও স্পিকার হতে পেরেছি।
লালমোহন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি নিরব কুমার দের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ড. শামীম রহমান, জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফান বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও ভক্তরা।
আলোচনা সভার পূর্বে দুর্গাপূজা উপলক্ষে লালমোহন উপজেলার সকল মন্দিরের জন্য স্পিকারের ব্যক্তিগত তহবিল থেকে অর্থ প্রদান করেন।
