হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুরা কিশোরগঞ্জ ও হবিগঞ্জ জেলার। গত রবিবার সকাল ৮টা থেকে
গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১
হাজার ৪২১ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৬০ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৪ শিশু।
সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬৪ জনে। একই সময় দেশে ২ লাখ ৬ হাজার ২৯৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ৫৭৩ জনের। এ সময় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮৩ হাজার ২২৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৭৫ হাজার ৬৫৫ জন।
বিভাগভিত্তিক হিসাবে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ৪৭৮ জনের। দ্বিতীয় সর্বোচ্চ ১৮৮ জনের মৃত্যু হয়েছে সিলেটে। এ ছাড়া চট্টগ্রামে ৯৪, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮১, বরিশালে ৬২, খুলনায় ৪৭ ও রংপুরে ১৭ জনের মৃত্যু হয়েছে।
রোগতত্ত্ববিদরা বলছেন, হাম সব বয়সী মানুষের হতে পারে, তবে শিশুরাই এতে বেশি আক্রান্ত হয়। অপুষ্টি ও দুর্বল রোগপ্রতিরোধ ব্যবস্থার কারণে শিশুদের মৃত্যুর হারও বেশি।
