খাদ্যমন্ত্রী আফরোজা খানমকে না জানিয়ে সরকারি সফরে খাদ্যগুদাম পরিদর্শনের সূচি তৈরির দায়ে এবার প্রতিমন্ত্রীর দপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। মন্ত্রীর নির্দেশে শনিবার (১৭ অক্টোবর) এক অফিস আদেশে তাকে সরিয়ে দেওয়া হয়।
এর আগে একই ঘটনায় মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মো. আবদুল আওয়াম বুলবুলকে চাকরিচ্যুত করেন তিনি।
খাদ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ক্ষেমালিকা চাকমা জানান, রফিকুল ইসলামকে দপ্তরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে কী কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে সে বিষয়ে তিনি মন্তব্য করতে পারেননি।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এপিএস আবদুল আওয়ালের টাঙ্গাইলের নাগরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও খাদ্যগুদাম পরিদর্শনের জন্য গত ৮ অক্টোবর সরকারি সফরসূচি জারি করা হয়। মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা রফিকুল ইসলামের স্বাক্ষরে জারি করা ওই সূচি অনুযায়ী ১১ অক্টোবর পরিদর্শনে যান আবদুল আওয়াল।
সফরসূচিতে ঢাকার মোহাম্মদপুরে আবদুল আওয়ালের নিজের বাসা থেকে যাত্রা শুরু করে পরিদর্শন শেষে আবার বাসায় ফেরার কর্মসূচি উল্লেখ করা হয়। সফরের বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দিতে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে নোটিশের অনুলিপি দেওয়া হয়।
জ্বালানির ব্যবস্থা করতে অনুলিপি পাঠানো হয় খাদ্য অধিদপ্তরের পরিবহন পুলের পরিচালককেও। ওই সফরে কয়েকজন সরকারি কর্মকর্তাও গিয়েছিলেন বলে জানা গেছে।
মন্ত্রণালয় সূত্রের ভাষ্য, এপিএসের এই সফর সম্পর্কে খাদ্যমন্ত্রী আফরোজা খানম কিছুই জানতেন না। বিষয়টি জানার পর তিনি ক্ষুব্ধ ও বিব্রত হন। এরপর তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এদিকে সফরসূচি তৈরিতে সহায়তার অভিযোগে ব্যক্তিগত কর্মকর্তা রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এবার তাকেও সরিয়ে দেওয়া হলো।
