পাবনা সদর উপজেলার জালালপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নয়ন মিয়া (২০) ও সেলিম মাহমুদ (৪০) নামে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জালালপুর-গয়েশপুর সড়কে দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
নিহত নয়ন মিয়া গয়েশপুর ইউনিয়নের শালাইপুর গ্রামের আব্দুল মতিন মৃধার ছেলে। আর সেলিম মাহমুদ জালালপুর গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে।
এসআই মনিরুল ইসলাম বলেন, আহত দুজনকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের একজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বিআলো/শিলি