শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের বিরলে সনাতন ধর্মাবলম্বী অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ৯ হাজার মানুষের মাঝে এ বস্ত্র প্রদান করা হয়।
রোববার (১৮ অক্টোবর) বিরল উপজেলার ঢেঁড়াপাটীয়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে এসব বস্ত্র বিতরণ করা হয়।
বিরল উপজেলা বিএনপির সভাপতি মো. বাবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শারদীয় দুর্গোৎসবের আনন্দ সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায়দের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের সরকার এবং সাধারণ মানুষকে ভালো রাখা ও তাদের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢেঁড়াপাটীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ মনোয়ার আলী চৌধুরী ও বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হুদাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেএইচআর
