ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের সেবা কার্যক্রম খতিয়ে দেখতে হঠাৎ পরিদর্শন করেছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে তিনি হাসপাতালটি পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সার্বিক খোঁজখবর নেন।
এ সময় অতিরিক্ত গরমে রোগী ও তাদের স্বজনদের মারাত্মক দুর্ভোগের বিষয়টি নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে রোগীদের কষ্ট লাঘবে ১৫টি বৈদ্যুতিক ফ্যান উপহার হিসেবে প্রদান করেন।
পরবর্তীতে খন্দকার নাসিরুল ইসলাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিয়াজ মুস্তাফির সঙ্গে হাসপাতালের চিকিৎসা সেবার মান ও নানা প্রশাসনিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনার একপর্যায়ে হাসপাতালে গত তিন বছর ধরে কোনো গাইনি চিকিৎসক না থাকার বিষয়টি জানতে পেরে তিনি গভীর উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেন।
সাধারণ মানুষ ও প্রসূতি মা-বোনদের নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করতে তিনি তাৎক্ষণিক ফরিদপুরের সিভিল সার্জনকে মুঠোফোনে কল দেন। ফোনালাপে তিনি উপজেলার সাধারণ মানুষের চিকিৎসার স্বার্থে দ্রুত সময়ের মধ্যে একজন গাইনি চিকিৎসক পদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন।
পরিদর্শনকালে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নুর জামাল খসরু ও সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
