নবীন বিজ্ঞানী ও প্রকৌশলীদের চার সপ্তাহের প্রশিক্ষণ শুরু, অংশ নিচ্ছেন ৪০ জন
খোলা বাজার অনলাইন, ডেস্ক:
- আপডেট সময় : ১০:০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
ছবি- সংগৃহীত।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পথে একটি ঐতিহাসিক মাইলফলক বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে এ প্রকল্প সময়োপযোগী উদ্যোগ।
রোববার বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) আয়োজনে বেসিক প্রফেশনাল ট্রেনিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ), বায়েরা, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বায়েক) এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সহযোগিতায় আন্তর্জাতিক মান বজায় রেখে এ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি সচিব বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ক্রিটিক্যালিটি ১১ অক্টোবর সফলভাবে অর্জিত হয়েছে। শিগগিরই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে কেন্দ্রটি দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে তরুণ বিজ্ঞানী ও প্রকৌশলীদের আন্তর্জাতিক মানের জ্ঞান ও অভিজ্ঞতায় সমৃদ্ধ করার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি এর পরিচালনা, নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য প্রাতিষ্ঠানিক ও পরিচালনাগত উভয় পর্যায়ে সর্বোচ্চ নিরাপত্তার সংস্কৃতি গড়ে তুলতে হবে। শুধু প্রযুক্তি দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়; সংশ্লিষ্ট জনবলকেও প্রশিক্ষিত ও সচেতন হতে হবে।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে সচিব বলেন, আইএইএ বিশেষজ্ঞদের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা বাড়াতে হবে। এ প্রশিক্ষণ দেশের পারমাণবিক খাতের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখবে। আন্তর্জাতিক সংস্থাসহ বিভিন্ন ফোরামে বাংলাদেশের বিজ্ঞানীদের অবস্থান ও অংশীদারত্ব জোরদার করতেও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মঈনুল ইসলাম আশা প্রকাশ করেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা নিরাপদ, সুরক্ষিত ও টেকসই পারমাণবিক শক্তি কর্মসূচি গড়ে তুলতে ভূমিকা রাখবেন।
সভাপতির বক্তব্যে বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার জন্য আইএইএকে ধন্যবাদ জানান।
চার সপ্তাহের এ প্রশিক্ষণে আইএইএ থেকে আসা চারজন কর্মকর্তা ও বিশেষজ্ঞসহ দেশীয় বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা প্রশিক্ষণ দেবেন। এতে বায়েরা, বায়েক ও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ৪০ জন নবীন বিজ্ঞানী ও প্রকৌশলী অংশ নিচ্ছেন।
১৮ অক্টোবর শুরু হওয়া প্রশিক্ষণ কর্মসূচিটি আগামী ১২ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলবে।

