নারী শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে পর্যায়ক্রমে সারাদেশে ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
রবিবার (২৫ অক্টোবর) সকালে বগুড়ার শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রীকন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিবগঞ্জ ও মোকামতলা এলাকার ১০২টি বিদ্যালয় ও মাদ্রাসার ৫৪৮ জন মেধাবী ছাত্রীর হাতে বাইসাইকেল উপহার তুলে দেওয়া হয়।
প্রতিমন্ত্রী বলেন, নারী শিক্ষার প্রসার এবং ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করার পাশাপাশি বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের মতো সামাজিক সমস্যা প্রতিরোধে এ উদ্যোগ সহায়ক হবে।
শিক্ষার্থীদের চলাচল আরও নিরাপদ করতে বাইসাইকেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে আগেও এ ধরনের আয়োজন করা হয়েছে।
নারী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের শিক্ষাজীবন সহজ করার লক্ষ্যেই এ উদ্যোগ অব্যাহত রাখা হচ্ছে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ঘোষণা নিয়ে কথা বলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কাউকে মনোনয়ন দেবে না। তবে আব্দুস সালাম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে অংশ নিলে তাকে সমর্থন দেওয়ার বিষয়ে তিনি কথা বলেছেন; সেটিকে দলীয় মনোনয়ন হিসেবে উপস্থাপন করা ঠিক নয়।
নিজের বক্তব্যের একটি অংশ সম্পূর্ণভাবে প্রচার করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান প্রতিমন্ত্রী।
বিআলো/আমিনা