তদারকিতে থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা, গঠন হবে উচ্চপর্যায়ের মনিটরিং কমিটি
খোলা বাজার অনলাইন, ডেস্ক:
- আপডেট সময় : ১০:০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে
ছবি- সংগৃহীত।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, খালের সীমানা নির্ধারণ ও পুনঃখনন এবং বৃক্ষরোপণ কার্যক্রম তদারকিতে ঢাকা মহানগরীর ২০টি জোনে বিশেষ কমিটি গঠন করা হচ্ছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় ১০টি করে মোট ২০টি কমিটি কাজ করবে। এসব কমিটির নেতৃত্বে থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পর্যায়ের কর্মকর্তারা।
রোববার (১৮ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
সভায় জানানো হয়, প্রতিটি সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কার্যালয়ভিত্তিক এলাকায় এসব জোনাল কমিটি কাজ করবে। কমিটিতে স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, ঢাকা ওয়াসা, মেট্রোপলিটন পুলিশ এবং সিটি করপোরেশনের প্রকৌশল, বর্জ্য ব্যবস্থাপনা, মেডিকেল উইং ও আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা থাকবেন। প্রতিটি কমিটির সঙ্গে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও যুক্ত থাকবেন।
এ ছাড়া ২০টি জোনাল কমিটির কার্যক্রম পর্যবেক্ষণ, পরিচালনা ও সমন্বয়ের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে আহ্বায়ক করে একটি উচ্চপর্যায়ের মনিটরিং কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এতে স্থানীয় সরকার বিভাগ, সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা, স্বাস্থ্যসেবা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন।
জোনাল কমিটিগুলো সরেজমিনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, খালের সীমানা চিহ্নিতকরণ ও খননকাজ তদারকি এবং মশক নিধনে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন নিশ্চিত করবে। এসব কার্যক্রমের মাধ্যমে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঢাকা মহানগরীর পরিবেশ ও জনস্বাস্থ্য পরিস্থিতির উন্নয়ন এবং সংশ্লিষ্ট উদ্যোগগুলোর দৃশ্যমান অগ্রগতি অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানসহ প্রধানমন্ত্রীর কার্যালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, ঢাকা ওয়াসা এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

