‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে মাদারীপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। তিনি অনুষ্ঠানে কন্যাশিশুর অধিকার ও তাদের বিকাশের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া রফিক ভাবনা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজনীন আফরোজ, সিনিয়র সাংবাদিক প্রণব কুমার সাহা অপূর্বসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে কন্যাশিশুর অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে মেয়েদের এগিয়ে নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। কন্যাশিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। দিবসটি উপলক্ষে র্যালির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা অংশ নেন।
The post মাদারীপুরে কন্যাশিশু দিবস উদযাপন, আলোচনা সভা ও র্যালি appeared first on ভোরের চেতনা.
