কালবেলা · বিনোদন
এক ফ্রেমে পরীমনি-বুবলী, কী ভাবছেন চয়নিকা?
২৩/১০/২০২৬

চিত্রনায়িকা পরীমনি ও শবনম বুবলীকে নিয়ে বড় পর্দায় একসঙ্গে কাজ করতে চান নির্মাতা চয়নিকা চৌধুরী। ভালো গল্প ও মানসম্মত চিত্রনাট্য পেলে দুই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা রয়েছে তার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরীমনি ও বুবলীর প্রশংসা করার পাশাপাশি তাদের নিয়ে ভবিষ্যৎ কাজের ভাবনার কথা জানান এই পরিচালক।
পরীমনি সম্পর্কে চয়নিকা চৌধুরী বলেন, তিনি সাহসী, ভালো মা এবং স্পষ্টভাষী একজন নারী। সব সময় মানুষের পাশে থাকার গুণ তাকে অন্যদের থেকে আলাদা করেছে। আগামী ২৪ অক্টোবর পরীমনির জন্মদিন উপলক্ষে শুটিং দ্রুত শেষ করে তার অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনার কথাও জানান নির্মাতা।
অন্যদিকে শবনম বুবলীকে কাজের প্রতি নিবেদিত, ভদ্র, নম্র, সুশিক্ষিত ও মার্জিত বলে বর্ণনা করেন চয়নিকা। বড়দের সম্মান করা এবং কাজের প্রতি ভালোবাসার কারণে তিনি সব সময় বুবলীর ভালো চান বলেও জানান।
বড় পর্দার কাজ প্রসঙ্গে চয়নিকা বলেন, তার পরিচালনায় ‘মাতাল হাওয়া’, ‘সখা’ ও ‘সোলমেট’ শিরোনামের তিনটি চিত্রনাট্যের কাজ ইতিমধ্যে প্রস্তুত রয়েছে। এর মধ্যে ‘মাতাল হাওয়া’ দিয়ে শুটিং শুরু করার ইচ্ছা থাকলেও তা পরিস্থিতির ওপর নির্ভর করছে।
পরীমনি ও বুবলীকে একই ছবিতে নেওয়ার সম্ভাবনা নিয়ে এই নির্মাতা জানান, দুই অভিনেত্রীরই যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে। একসঙ্গে পর্দায় কাজ করতেও তাদের আপত্তি নেই। ভবিষ্যতে উপযুক্ত গল্প বা চিত্রনাট্য পেলে দুজনকে নিয়ে কাজ করতে চান তিনি। তবে শেষ পর্যন্ত কারা অভিনয় করবেন, তা শুটিংয়ের পরই জানা যাবে বলে উল্লেখ করেন চয়নিকা।
ওটিটি প্ল্যাটফর্মের কাজ নিয়েও পরিকল্পনা রয়েছে এই পরিচালকের। তার সাত পর্বের একটি ওয়েব সিরিজ ও একটি ওয়েব ফিল্মের চিত্রনাট্য লেখা সম্পূর্ণ হয়েছে। বর্তমানে নাটক নির্মাণে ব্যস্ত থাকলেও সময় ও সুযোগ পেলে শিগগিরই ওয়েব সিরিজটির কাজ শুরু করতে চান তিনি।
মূল প্রতিবেদনে যান ↗