রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শারদীয় দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির নেতারা। আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, কলাবাগান ও ফার্মগেটের পূজামণ্ডপ পরিদর্শনকালে তাঁরা পূজা উদ্যাপন কমিটির নেতা, ভক্ত ও পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে বিএনপির নেতারা বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’— এই নীতির ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পুনর্গঠনের কাজ করছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।
এর আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পর্যবেক্ষণ কমিটির সভায় সারা দেশের পূজা উদ্যাপনের পরিস্থিতি পর্যালোচনা করা হয়। উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন নেতারা। একই সঙ্গে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের পাশে থাকা এবং পূজামণ্ডপের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা অব্যাহত রাখতে নেতা-কর্মীদের আহ্বান জানানো হয়।
জগন্নাথ হলে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং সদস্যসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ অন্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল।
খায়রুল কবির খোকন বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সবার সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, পূজা উদ্যাপন কমিটি, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক ঐক্য অটুট রেখে মানবিক বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন। তাঁর ওপর আস্থা রেখে দেশ পুনর্গঠনে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
