নিজের ৭৭তম জন্মদিন উপলক্ষে যাওয়ার পথে জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মোটর শোভাযাত্রা লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে নগরীর মাহানে ইহুদা বাজার এলাকার কাছাকাছি সড়কে চলন্ত গাড়িবহরে একটি কাঁচের বোতল ছুড়ে মারা হয়। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
হামলার মুহূর্তে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নেতানিয়াহুর গাড়িবহরটি না থেমে দ্রুত স্থান ত্যাগ করে। তবে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত বিশেষ রক্ষীরা তাৎক্ষণিকভাবে সড়ক বিভাজক ও ব্যারিকেড অতিক্রম করে আক্রমণকারী ব্যক্তিকে শনাক্ত করতে তৎপরতা শুরু করেন।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মাহানে ইহুদা বাজারে পৌঁছালে নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সারাকে স্বাগত জানান ক্ষমতাসীন লিকুদ পার্টির সমর্থকেরা। তবে এর আগে তেল আবিবের হাতিকভা বাজারে গিয়ে সাধারণ নাগরিক ও ভুক্তভোগীদের তীব্র অসন্তোষের মুখে পড়েন তিনি। সেখানে হামাসকে অর্থায়নের বিষয়ে প্রশ্ন তুলে এক ব্যক্তি ভিডিও ধারণ করতে গেলে দলীয় সমর্থকরা চড়াও হয়ে তাঁর মুঠোফোন কেড়ে নেয় ও শারীরিকভাবে লাঞ্ছিত করে।
উক্ত প্রতিবাদে অংশ নিয়েছিলেন ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় নিহত ও আটক জিম্মিদের পরিবারের সদস্যরা। ঘটনাস্থলে উপস্থিত হয়ে মারাত্মক নিরাপত্তা ব্যর্থতার দায় স্বীকার করে নেতানিয়াহুর তাৎক্ষণিক পদত্যাগ দাবি করেন নিহত জিম্মি গায় ইলুজের পিতা মিশেল ইলুজ, কারমেল গেটের আত্মীয় গিল দিকমান এবং জিম্মি মাতান জাঙ্গাউকারের মা আইনাব জাঙ্গাউকার।
ভুক্তভোগী স্বজনেরা জানান, দলীয় কর্মীরা তাঁদের ওপর চরম আক্রমণাত্মক আচরণ করে, তাঁদের লক্ষ্য করে থুথু ছিটায় ও সবজি ছুড়ে মারে। পরবর্তীতে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে এলাকা থেকে সরিয়ে দেয়। শোকাহত পরিবারের ওপর এমন অনাকাঙ্ক্ষিত হামলার তীব্র নিন্দা জানিয়ে মিশেল ইলুজ আসন্ন নির্বাচনে ইসরায়েলি জনগণকে ব্যালটের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।
