নিজস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে যশোর ও নড়াইল জেলায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে এসআরবি-৬। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে। পাশাপাশি শহরের প্রবেশমুখ ও গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে চেকপোস্ট।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশন মন্দির পরিদর্শনকালে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-৬-এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক।
তিনি জানান, এসআরবি-৬-এর দায়িত্বাধীন এলাকায় মোট ১ হাজার ২৭৮টি পূজামণ্ডপ রয়েছে। গত ১৩ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত এসব মণ্ডপের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা জোরদারে বিশেষ টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং সেল সক্রিয় রাখা হয়েছে।
তিনি আরও জানান, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শহরের প্রবেশমুখ ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট স্থাপনের পাশাপাশি ২৪ ঘণ্টা নিরাপত্তা ডিউটি পালন করা হচ্ছে। সাধারণ মানুষ যাতে শঙ্কা ছাড়া নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
প্রেস ব্রিফিং ও মন্দির পরিদর্শনকালে যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ মহারাজ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
