রাজধানীর ডেমরা থানাধীন বামৈল এলাকায় অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুলা মিয়া (৪৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বামৈল এলাকার একটি রিকশার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে বিকেল ৫ টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে রুবেল জানান, আমার বাবা পেশায় একজন অটোরিকশাচালক, আমিও অটোরিকশা চালাই। দুপুরে বামৈল এলাকার একটি গ্যারেজে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বাবা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি। অনেক চেষ্টা করলাম, কিন্তু শেষ পর্যন্ত বাবাকে আর বাঁচানো গেল না।
জানা গেছে, নিহত তুলা মিয়া শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার শহর আলীর ছেলে। তিনি বর্তমানে পরিবারের সদস্যদের নিয়ে ডেমরার বামৈল এলাকায় ভাড়া বাসায় থাকতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/ এনটি
