নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শুরু থেকেই ঝড় তোলে টিম ইন্ডিয়া। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ২২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকান অভিষেক শর্মা। আর তাতেই নিজেকে নিয়ে যান ইতিহাসের সোনালী পাতায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এই নিয়ে সপ্তমবার ইনিংসের প্রথম বলেই ছক্কা হাঁকানোর বিশ্বরেকর্ড গড়লেন ভারতের এই বাঁহাতি ওপেনার। আফগানিস্তানের শফিকুল্লা শিনওয়ারিকে পেছনে ফেলে এই নজির গড়লেন তিনি।
ম্যাট হেনরির করা প্রথম ওভারের শেষ বলে ছক্কা মেরে নতুন নজির গড়েন অভিষেক। ইনিংসের ওটাই ছিল অভিষেকের প্রথম বল। অফস্টাম্পের বাইরে ফুল লেন্থের বল পেয়ে কভার অঞ্চলের উপর দিয়ে তুলে মারেন তিনি। বলটি সীমানার বাইরে গিয়ে পড়ে ৭৪ মিটার দূরে। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ইনিংসের প্রথম বলেই ছক্কা মারার তালিকায় এত দিন ছয়বার এই কৃতিত্ব ছিল শফিকুল্লার। এবার তাকে টপকে সাতবার এই নজির গড়লেন অভিষেক। তারই স্বদেশী সতীর্থ সূর্যকুমার যাদব পাঁচবার এই কৃতিত্ব দেখিয়েছেন। পল স্টার্লিং, কলিন মুনরো এবং সংযুক্ত আরব আমিরাতের মুহাম্মদ নাভিদ চারবার করে প্রথম বলেই ছক্কা মেরেছেন।
শুধু তাই নয়, টেস্ট খেলার মর্যাদা পাওয়া দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ওভারে সবচেয়ে বেশি ছক্কা মারার নজিরও অভিষেকের দখলে। এই নিয়ে প্রথম ওভারে তার ছক্কার সংখ্যা ১৬। আয়ারল্যান্ডের পল স্টার্লিং এবং ওয়েস্ট ইন্ডিজ়ের এভিন লুইস ১৩টি করে ছক্কা মেরেছেন। ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা এবং নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলের ঝুলিতে রয়েছে ১২টি করে ছক্কা।
