নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় অভিযান চালিয়ে ১৪০ বোতল নিষিদ্ধ ভারতীয় মাদক ‘ফেয়ারডিল’ উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
সোমবার ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের মেনকিফান্দা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধভাবে নিষিদ্ধ মাদক দেশে নিয়ে আসছিল বলে তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে পুলিশের একটি দল মেনকিফান্দা এলাকায় অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারে জড়িত ব্যক্তিরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাটি তল্লাশি করে ১৪০ বোতল ভারতীয় ‘ফেয়ারডিল’ উদ্ধার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা প্রতিটি বোতলের আনুমানিক মূল্য ৪ হাজার টাকা। সে হিসাবে ১৪০ বোতল মাদকের মোট বাজারমূল্য দাঁড়ায় ৫ লাখ ৬০ হাজার টাকা।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান শূন্য সহনশীলতার। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধার করা মাদকের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এদিকে, পুলিশের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সীমান্ত দিয়ে মাদক চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তাঁরা।
এই বাংলা/এমএস
