The Sangbad · সাধারণ
অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২
২৫/১০/২০২৬

রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরি করে পালানোর সময় স্থানীয় লোকজনের গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। রোববার ভোরের দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তরপানাপুকুর গিরিয়ারপাড় এলাকার বড় সেচ ক্যানেলের কাছে এই মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন–উপজেলার নোহালী ইউনিয়নের বাগডহরা এলাকার রেজাউল ওরফে কানা এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম। স্থানীয় লোকজনের অভিযোগ, তারা দুজন অটোরিকশা চুরির সঙ্গে জড়িত ছিলেন। আর যে অটোরিকশাটি চুরি হয়েছিল, সেটির মালিক সিদ্দিকুর রহমান সোহেল। তিনি বড়বিল ইউনিয়নের বাগপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা এবং সাবেক ইউপি সদস্য মতিন মিয়ার ছেলে।সরেজমিনে দেখা যায়, উত্তরপানাপুকুর গিরিয়ারপাড় এলাকার বড় সেচ ক্যানেলের পাশে দুজনের রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে। মরদেহ ঘিরে উৎসুক মানুষের ভিড় জমেছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে স্থানীয় একটি মসজিদে মুসল্লিরা ফজরের নামাজ আদায় করছিলেন। এ সময় অটোরিকশাচালক ও মালিক সিদ্দিকুর রহমান চিৎকার করে জানান, তার গাড়িটি চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। তখন বেশ কয়েকজন মুসল্লি নামাজ বাদ দিয়ে চোর সন্দেহে তাদের পিছু নেন। পাশাপাশি মসজিদের মাইকেও অটোরিকশা চুরির ঘোষণা দেওয়া হয়। এরপর চারদিক থেকে স্থানীয় লোকজন এসে তাদের ঘিরে ফেলেন। ধানখেতের মধ্য দিয়ে পালানোর চেষ্টার সময় প্রায় এক কিলোমিটার ধাওয়া করে তাদের ধরে ফেলে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।অটোরিকশার মালিক সিদ্দিকুর রহমান বলেন, “রাতের বেলা ঘরের বারান্দায় অটোরিকশাটি রাখা ছিল। ভোরের দিকে চোরেরা তালা কেটে সেটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় টের পেয়ে চিৎকার শুরু করি। মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার পর এলাকার লোকজন তাদের ধাওয়া করে ধরে ফেলেন। পরে শুনি ক্যানেলের কাছে গণপিটুনিতে তারা মারা গেছেন।”গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল শেষে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মূল প্রতিবেদনে যান ↗