দুর্গাপূজা মানেই বাঙালির আবেগ, আনন্দ আর পরিবারের সঙ্গে কাটানো কিছু বিশেষ মুহূর্ত। সেই উৎসবের আমেজে মেতে উঠেছে বলিউডের মুখার্জি পরিবারও। দুর্গাপঞ্চমীতে মা তনুজা ও বোন তানিশা মুখার্জিকে সঙ্গে নিয়ে ক্যামেরার সামনে ধরা দিলেন অভিনেত্রী কাজল। তাঁদের সঙ্গে ছিলেন পরিবারের আরও দুই সদস্য অয়ন মুখার্জি ও অভিনেত্রী শারবানি মুখার্জি। উপলক্ষ, মুম্বাইয়ের ঐতিহ্যবাহী নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপূজার ৮০তম আয়োজন।
উৎসবের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন কাজল। ছবিগুলোর সঙ্গে তাঁর ক্যাপশনেও উঠে এসেছে দেবী দুর্গার প্রতি ভালোবাসা এবং মাতৃত্বের নানা রূপের কথা। কাজল লিখেছেন, ‘আজকের দিনটা ছিল সব রূপে মাকে ঘিরে। কখনো মা হিসেবে, কখনো মেয়ে হিসেবে, আবার কখনো রক্ষাকর্ত্রী হিসেবে এবং দেবী হিসেবে।’ সঙ্গে যোগ করেছেন ‘জয় মা দুর্গা’ কথাটিও। তাঁর এই পোস্টে যেন উৎসবের আনন্দের পাশাপাশি মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার কথাও ফুটে উঠেছে।
বোন তানিশা মুখার্জিও পিছিয়ে নেই। তিনিও ভাগ করে নিয়েছেন পূজার নানা মুহূর্ত। তাঁর ক্যাপশন, ‘বছরের সবচেয়ে প্রিয় সময়... মা আসছে!’ ছোট্ট এই কথাতেই ধরা পড়েছে দুর্গাপূজাকে ঘিরে তাঁর উচ্ছ্বাস। পরিবারের সদস্যদের একসঙ্গে দেখে অনুরাগীদের কাছেও ছবিগুলো হয়ে উঠেছে বিশেষ আকর্ষণ।
আট দশকের ঐতিহ্য, আবেগের বন্ধন:
নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপূজার ইতিহাসও বেশ সমৃদ্ধ। ১৯৪৮ সালে চলচ্চিত্র প্রযোজক ও ফিল্মালয়া স্টুডিওর প্রতিষ্ঠাতা শশধর মুখার্জি, তাঁর স্ত্রী সতীরাণী মুখার্জি, জে এম ভদ্র এবং আরও ২৬ জনের উদ্যোগে এই পূজার সূচনা হয়। প্রথমে মুম্বাইয়ের সান্তাক্রুজের শ্রী মণ্ডল হলে পূজা অনুষ্ঠিত হতো। পরে স্থান পরিবর্তন করে জুহু এলাকায় চলে আসে এই আয়োজন।
সময়ের সঙ্গে এই পূজা শুধু ধর্মীয় আয়োজনেই সীমাবদ্ধ থাকেনি; হয়ে উঠেছে বলিউডের বহু তারকার মিলনমেলাও। বছরের পর বছর ধরে মুখার্জি পরিবারের সদস্যরা এই উৎসবের সঙ্গে যুক্ত রয়েছেন।
কাজলদের এবারের উদ্যাপনেও তাই শুধু তারকাদের উপস্থিতি নয়, বরং পারিবারিক বন্ধন, শিকড়ের টান আর দুর্গাপূজার চিরচেনা আবেগই হয়ে উঠেছে মূল আকর্ষণ।
