‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও অংশ না নেওয়ায় বিরোধী দলের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, বিরোধী দল জুলাইকে ধারণ না করায় আমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে অংশ নেয়নি।
আজ সোমবার সকালে ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
সকাল ১০টায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন, মীর মাহফুজুর রহমান মুগ্ধের বাবা মোস্তাফিজুর রহমান, শাহারিয়ার খাঁন আনাসের মা সানজিদা খান দীপ্তি এবং ওয়াসিম আকরামের বাবা মোহাম্মদ শফিউল আলমকে সঙ্গে নিয়ে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধন শেষে স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি। পরে আধুনিকায়নকৃত ওসমানী উদ্যান উদ্বোধন করে বিভিন্ন অংশ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এরপর তিনি আলোচনা সভায় যোগ দেন।
অনুষ্ঠানে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি বিরোধী দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানান প্রধানমন্ত্রী। তবে বিরোধী দলের নেতাদের অনুপস্থিতিতে হতাশা প্রকাশ করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের আত্মত্যাগের কারণে বিরোধী দলের নেতারা আজ সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন।
তারেক রহমান বলেন, সরকারের সঙ্গে বিরোধী দলের রাজনৈতিক দূরত্ব থাকতে পারে। তবে জুলাইয়ের শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তাদের উপস্থিত থাকা উচিত ছিল। জুলাইকে সত্যিকার অর্থে ধারণ করলে বিরোধী দলের নেতারা শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে এসে বসতেন বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের চেতনাও ধারণ করে। সরকার গঠনের পর থেকে জুলাইয়ে আহত ব্যক্তিদের চিকিৎসা এবং শহীদ পরিবারের সদস্যদের সহায়তা ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পর্যায়ক্রমে উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিরোধী দলের সমালোচনা করে তিনি আরও বলেন, বিরোধিতার স্বার্থে বিরোধিতা করতে গিয়ে এমন কোনো পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যাতে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত হয়। এমনটি হলে তা জুলাইয়ের শহীদদের পাশাপাশি ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের সঙ্গেও বিশ্বাসঘাতকতার শামিল হবে বলে মন্তব্য করেন তিনি।
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতায় জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পত্রপত্রিকা খুললেই আমরা এখন দেখছি ডেঙ্গুর বিষয়টি। ডেঙ্গুতে বহু মানুষ আক্রান্ত হচ্ছে এবং একইসঙ্গে নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন গত প্রায় দেড় মাস ধরে সরকারের পক্ষ থেকে আমরা বহু মানুষকে সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান চালু রেখেছি; যাতে করে এই ডেঙ্গুকে আমরা প্রতিরোধ করতে পারি।
এডিস মশা সরকারি দলও চেনে না বিরোধী দলও চেনে না মন্তব্য করে তিনি বলেন, আমরা সরকার গঠন করার পরে প্রথম প্রথম কয়েকদিন খুব দেখলাম ফজরের নামাজের পরে কারা যেন ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করছে, এখন আর আমরা সেটি দেখতে পাই না।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
