জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে সারাদেশের ২৭৬ জন দক্ষ ও পেশাদার গাড়িচালককে সম্মাননা দিচ্ছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। আগামী ২৮ অক্টোবর রাজধানীতে কেন্দ্রীয়ভাবে ২০ জন ও জেলা পর্যায়ে প্রতিটি জেলায় চারজন করে চালককে এ সম্মাননা দেওয়া হবে। সকাল ১০টায় রাজধানীর সড়ক ভবনের সামনে থেকে রোড শো বের করা হবে। বেলা ১১টায় সড়ক ও জনপথ অধিদপ্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক নথি থেকে এ তথ্য জানা গেছে। দক্ষ চালকদের উৎসাহিত করা, দায়িত্বশীলভাবে গাড়ি চালনায় উদ্বুদ্ধ করা ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়ানো এ উদ্যোগের লক্ষ্য। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হকের সভাপতিত্বে গত ১২ অক্টোবর অনুষ্ঠিত এক সভায় দিবসটি উদযাপনের প্রস্তুতি ও কর্মসূচি পর্যালোচনা করা হয়।
