ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাহিদা (৭) ও ফাতেমা (৩) নামে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু ওই গ্রামের শাহাবুদ্দিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির নতুন ঘরে বৈদ্যুতিক ওয়্যারিংয়ের কাজ চলছিল। এ সময় স্টিলের দরজার ফাঁক দিয়ে বৈদ্যুতিক তার নেওয়ার কারণে দরজাটিতে বিদ্যুতের সংযোগ তৈরি হয় বলে ধারণা করা হচ্ছে। ঘুম থেকে উঠে বড় বোন নাহিদা দরজা খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
এ সময় ছোট বোন ফাতেমা তাকে বাঁচাতে গিয়ে স্পর্শ করলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই দুই বোনের মৃত্যু হয়।
ভালুকা মডেল থানা ওসি জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
